শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক বৃদ্ধ, পরে মামলা

· Prothom Alo

শরীয়তপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম হাসান মোল্যা (৬৫)। এ ঘটনায় গতকাল গভীর রাতে পালং মডেল থানায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন শিশুটির বাবা।

Visit xsportfeed.quest for more information.

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল ওই শিশু। এ সময় শিশুটিকে নিয়ে পুকুরে নেমে ধর্ষণের চেষ্টা করেন ওই বৃদ্ধ। শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে পুকুরপাড়ে থাকা দুজন কিশোরী ঘটনাটি শিশুটির মাকে জানায়।

ওই সময় শিশুটির মায়ের চিৎকারে স্থানীয় একাধিক বাসিন্দা জড়ো হন। এ সময় হাসান মোল্যাকে আটক করেন তাঁরা। একটি ঘরে তাঁকে আটকে রেখে বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন গ্রামবাসী।

খবর পেয়ে বুড়িরহাট পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য হাসান মোল্যাকে থানায় আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাঁরা পিছু হটে যান। থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে মামলা করেন শিশুটির বাবা।

পুলিশ জানায়, ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে নেওয়া হবে।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে রাখেন গ্রামবাসী। পরে তাঁদের শান্ত করে ওই ব্যক্তিকে থানায় আনা হয়। আমরা ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।’

Read at source