লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

· Prothom Alo

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জেলা যুবদল। সংগঠনটির শাখা সভাপতি আবদুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান এ বিজ্ঞপ্তিতে সই করেন।

Visit saltysenoritaaz.org for more information.

বহিষ্কার হওয়া নেতার নাম আল-আমিন ছৈয়াল। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এর আগে গত শনিবার রাতে উপজেলার এক গৃহবধূ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আল-আমিনকে দলীয় সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে যুবদল প্রশ্রয় দেয় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না।’

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসী। গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আল-আমিন। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা করেন।

এদিকে মামলার পর থেকে আল-আমিন ছৈয়াল আত্মগোপনে রয়েছেন। তাঁর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আল-আমিন আত্মগোপনে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Read at source