ট্যুরিজম লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত মো. শাখাওয়াত হোসেন

· Prothom Alo

ট্যুরিজম লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত মো. শাখাওয়াত হোসেন
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনকে ‘ট্যুরিজম লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।

Visit saltysenoritaaz.org for more information.

সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দ্বিতীয় টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিআইটিএ) প্রদান করা হয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশে ‘ক্রিকেট ট্যুরিজম’ ধারণা চালু করা এবং দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মো. শাখাওয়াত হোসেন বিশেষভাবে প্রশংসিত হন। তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চুক্তি সম্পাদনে বিশেষ ভূমিকা রেখেছেন। এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি, আতিথেয়তা ও আন্তর্জাতিক পর্যটনের সমন্বয়ে বাংলাদেশকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের ১৩টি ক্যাটাগরিতে উৎকর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, শিল্প খাতের নেতারা, টোয়াব সদস্য, পর্যটনসংশ্লিষ্ট পেশাজীবী ও বিভিন্ন সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন।

মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের অধীন থাকা দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা–আ প্রিমিয়াম রেসিডেন্স।

২৫ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা এবং ৫ বছরের অধিক নির্বাহী নেতৃত্বের অভিজ্ঞতায় মো. শাখাওয়াত হোসেন সেবার মানোন্নয়ন, ডেস্টিনেশন ব্র্যান্ডিং, টেকসই আতিথেয়তা চর্চা এবং দেশের পর্যটনশিল্পের বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
এর আগে সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ড (এসএটিএ), ট্যুরিজম ফেস অব সাউথএশিয়াসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন।

করপোরেট সাফল্যের পাশাপাশি মো. শাখাওয়াত হোসেন পর্যটন শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার হিসেবে একই সঙ্গে শিল্প খাতের পেশাজীবী, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো।

বর্তমানে মো. শাখাওয়াত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই বিভাগে তিনি পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

একাডেমিক কার্যক্রম, গবেষণা ও পেশাগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মো. শাখাওয়াত হোসেন দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং তরুণ প্রজন্মকে এ শিল্পে ইতিবাচকভাবে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ছবি: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

Read at source