শিশু-নারীর নিরাপত্তা ও ধর্ষক-নিপীড়কের শাস্তির দাবিতে জেলায় জেলায় মানববন্ধন
· Prothom Alo
বিচারহীনতার সংস্কৃতি ও ধর্ষণের ঘটনার বিচারের দীর্ঘসূত্রতার কারণেই সারা দেশে আনাচে-কানাচে ধর্ষণের ঘটনা ঘটছে। এ থেকে বের হয়ে আসতে হবে। দ্রুত রাজধানীর পল্লবীতে ঘটা এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাসহ সব ধর্ষক-নিপীড়কের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে এই দেশে শিশুসহ নারীরা নিরাপদ থাকবে না।
শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক–নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। একই দাবিতে আজ দেশের বিভিন্ন জেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে সম্প্রতি রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাসহ সব ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Visit betsport.cv for more information.
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আব্দুন নূর। মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নেহার রঞ্জন সরকার, সময় টিভির ব্যুরোপ্রধান উজ্জ্বল চক্রবর্তী, নদী ও প্রকৃতি রক্ষার সংগঠন তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা, আইনজীবী ও বন্ধসুভার সাবেক সভাপতি তারেকুল ইসলাম মৃধা, সাংবাদিক খন্দকার শফিকুল আলম, বন্ধুসভার সাবেক সভাপতি ও সাংবাদিক মাইনুদ্দীন রুবেল, আখাউড়ার রুটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও বন্ধুসভার সাবেক সদস্য শাহাদাত হোসেন।
কর্মসূচিতে সদর উপজেলার জিল্লুর রহমান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক, স্কুল শিক্ষক সালমান ফার্সি ও সামাজিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্য পুলক দাস সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সহসভাপতি অনন্যা সাহা ও শারমিন ইসলাম রোজা, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া মাহমুদ ও ফৌজিয়া হক, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কৃষ্ণা মৈশ্বান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাহমিদা হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
সরকারের প্রতি শিশু ও নারীদের জন্য বাংলাদেশকে নিরাপদ বাসযোগ্য করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার করুন, তাহলে আর কোনো শিশুর দায়িত্ব নিতে হবে না। রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রতিটি ঘরেই শিশুরা এখন মধ্যরাতে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। তারা পল্লবীর শিশুর কথা কোনোভাবেই ভুলতে পারছে না। দেশ আজ জেগেছে। এভাবে চলতে থাকলে সামনে খারাপ দিন অপেক্ষা করছে। বিচারহীনতার বাংলাদেশ চলবে না। অনতিবিলম্বে স্বীকারোক্তি দেওয়া আসামির বিচার করতেই হবে।
সিলেট
সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শুক্রবার বিকেল চারটায় মানববন্ধনের আয়োজন করেন সিলেট বন্ধুসভার সদস্যরা।
সিলেট বন্ধুসভার মানববন্ধনসংগঠনের সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের জেলা শাখার সভাপতি সৈয়দা শিরিন আক্তার, সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কিম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
বক্তারা ভবিষ্যতে নিজেদের কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, বর্তমান সময়ে কন্যাশিশুর অভিভাবকেরা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে রাস্তায় নামতে হচ্ছে। বক্তারা ধর্ষণের জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন কবি সুমন বণিক, শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত, সিলেট উইমেন চেম্বারের পরিচালক আসমাউল হাসনা, কবি ধ্রুব গৌতম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, আবৃত্তিকার নাজমা পারভীন, নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভা সিলেটের সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমদসহ অন্য সদস্যরা।
দিনাজপুর
দিনাজপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্কুল-কলেজ-মাদ্রাসা, রাস্তাঘাটে এমনকি নিজ গৃহেও শিশুরা আজ অনিরাপদ। সন্তানকে নিয়ে প্রায় সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে অভিভাবকদের। রাষ্ট্র আজ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ। তাই মা-বাবাসহ নিকটজনকেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সাথে শিশুদের সুরক্ষায় বাড়াতে হবে সামাজিক সচেতনতা।’
দিনাজপুর বন্ধুসভার মানববন্ধনদিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা জলিল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কানিজ রহমান, দিনাজপুর জিলা স্কুলের দিনাজপুর আদর্শ কলেজের শিক্ষক রুবি আফরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা অমৃত কুমার রায়, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক একরাম তালুকদার, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকার এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে অশিক্ষা, অজ্ঞতা ও কুসংস্কারের জন্য যতখানি দায়ী, তার চেয়ে বেশি দায়ী বিচারহীনতার সংস্কৃতি। ধর্ষক ধর্ষণের পরে আদালতে আইনের মারপ্যাঁচে মুক্তি পেয়ে যায়। বিচারের আশায় ওই সব পরিবারকে বছরের পর বছর ঘুরতে হয় আদালতের কাঠগড়ায়।
ময়মনসিংহ
ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ শুক্রবার বিকেলে কর্মসূচি দুটি থেকে বক্তারা অবিলম্বে রাজধানীতে শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
ময়মনসিংহে বন্ধুসভার মানববন্ধনময়মনসিংহ নগরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে শুক্রবার বিকেল চারটায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভা। মানববন্ধনে অংশ নিয়ে সোনালী ব্যাংকের বিনা শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘আজকে রাজধানীর সেই শিশুর ওপর যে বর্বরতার ঘটনা একজন ধর্ষক ঘটিয়েছে, আমরা এই চিত্র, এই ভূখণ্ডে আর হতে দিতে চাই না। আমরা এই নির্মমতা, এই বর্বরতা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না আগামীকালকে আর একটি ফুল ঝরে পড়ুক।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সুজনের ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ, উপদেষ্টা আবুল বাশার ও মামুন রনি। বন্ধুসভার উপদেষ্টা সুব্রত কুমার সিংহের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
এদিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বন্ধুসভার আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা–কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আর কে রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, বন্ধুসভার সহসভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, সদস্য মাহমুদুল হাসান ফারুক, সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নূপুর প্রমুখ।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বিকেলে বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশে শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী পোস্টার বহন করেন। পোস্টারগুলোতে লেখা ছিল, ‘শিশুর নিরাপত্তা কোথায়? ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘শিশু হত্যার বিচার চাই’, ‘নিরাপদ হোক শৈশব’ ইত্যাদি স্লোগান।
গোপালগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদ্যোত রায়, সভাপতি ফারদুল্লাহ লস্কর, সাধারণ সম্পাদক ইমরোজ হসান শিউলী, যুগ্ম সাধারণ সম্পাদক সকাল মজুমদার, সহসভাপতি তালহা খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌর শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জে ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রেসক্লাব প্রাঙ্গণে আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জে মানববন্ধনের আয়োজন করা হয়। মানিকগঞ্জ বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে অংশ নেন।
মানিকগঞ্জে বন্ধুসভার মানববন্ধনসংগঠনের সভাপতি চান মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মানিকগঞ্জের সভাপতি আবুল ইসলম শিকদার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল খান, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, সমাজকর্মী আমজাদ হোসেন ও আশিকুর রহমান, মানিকগঞ্জ বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি সোহাগ হোসেন ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আফসানা আনিকা প্রমুখ। বন্ধুসভার উপদেষ্টা আবদুস সালামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মাসুদ রানা, সামাজিক সংগঠন দিশারীর সভাপতি হাসান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মানববন্ধনে বন্ধুসভার সদস্য, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুসভার মানববন্ধনপরে বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত, বন্ধুসভার সাবেক সভাপতি শিক্ষক মুনীরুজ্জামান, আইনজীবী ইয়াসমিন আক্তার, সাংবাদিক আবদুল মোমেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. সারুয়ার হোসেন, রাজধানীতে ধর্ষণ–হত্যার শিকার শিশুর এক স্বজন এবং প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি আবদুল মান্নান।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বন্ধুসভার উদ্যেগে বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের স্টেশন বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জে বন্ধুসভার মানববন্ধনমানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নবকুমার কর্মকার, পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা ও আরিফুল গণি, সভাপতি আবুল কাশেম, সহসভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক বিপ্লব হাসান, সাংস্কৃতিক সম্পাদক আশিস বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সারা দেশে নারী ও শিশু নির্যাতন অব্যাহতভাবে বেড়ে চলেছে। শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় সবাই মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। বিশেষ করে রাজধানীর মিরপুরে এক শিশুর নৃশংস হত্যাকাণ্ডের পরপর আরও বেশ কিছু ঘটনা সবাইকে তীব্র আঘাত করছে। রাষ্ট্রীয় আইনের ফাঁকফোকর ও বিচারের ধীরগতিতে এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভা। বিকেল চারটায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বন্ধুসভার সদস্যরা ছাড়াও কয়েকটি সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন।
কুষ্টিয়ায় বন্ধুসভার মানববন্ধনকর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন, কবি ও আবৃত্তিকার তুলিকা বিশ্বাস, প্রথম আলো কুষ্টিয়া নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনসহ বন্ধুসভার সদস্যরা।
মানববন্ধনে বেশ প্ল্যাকার্ড হাতে অংশ নেন। তাতে লেখা ছিল, ‘তোমার আমার এক কথা, সকল শিশুর নিরাপত্তা’, ‘শৈশব হোক আনন্দের, ভয়ের নয়’, ‘অপরাধীর শাস্তি নিশ্চিত হোক’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি।
মানববন্ধনে শিক্ষক সরওয়ার মুর্শেদ বলেন, ‘এই রাষ্ট্রব্যবস্থা ও কাঠামো নিয়ে আমরা আস্থাহীন হচ্ছি। আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারছি না। স্বপ্ন দেখা দুঃসাধ্য হয়ে উঠছে। সার্বিকভাবে সমাজটা পচে গেছে। ফুলের মতো শিশুদের নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে। আমি হতভম্ব, হতাশাগ্রস্ত। আমরা ক্রমাগত অন্ধকারে ডুবে যাচ্ছি। আমাদের সামনে কোন আলো নেই। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না।’
নারী ও শিশুর নিরাপত্তা, সব অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবিফরিদপুর
ফরিদপুরে ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে বক্তারা বলেন, এ ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। দ্রুত সাজা নিশ্চিত করে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। এ ঘটনায় বুক ফেটে কান্না আসে। এ কলঙ্ক মোচনে সবাইকে সোচ্চার হতে হবে।
ফরিদপুরে বন্ধুসভার মানববন্ধনফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফ এর নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, নারী নেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান, নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুর জান্নাত। সঞ্চালনা করেন ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।
রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভা। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুসভার মানববন্ধনগোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সুরাজিত চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আউয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক প্রমুখ। গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন।
ভোলা
ভোলা প্রেসক্লাবের সামনে শুক্রবার বিকেলে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ভোলা বন্ধুসভা। সমাবেশে বক্তারা রাজধানীতে শিশু হত্যা ও ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি করে বলেন, এ ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে আইনের দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।
ভোলায় বন্ধুসভার মানববন্ধনকর্মসূচিতে বক্তব্য দেন ভোলা জেলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আমরা ভোলাবাসীর সদস্যসচিব মীর মোশাররফ, আবৃত্তিশিল্পী মশিউর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা বন্ধুসভার সভাপতি সুমন ওয়াহিদ, সাধারণ সম্পাদক নাইমুর রহমানসহ সদস্যরা।
গাজীপুর
গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় গাজীপুর বন্ধুসভার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। শুক্রবার বিকেল চারটায় আয়োজিত ওই মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গাজীপুরে বন্ধুসভার মানববন্ধনবক্তারা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই ধর্ষক ও নিপীড়কদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
গাজীপুর বন্ধুসভার সহসভাপতি জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক ও কবি মাধব চন্দ্র মন্ডল, বন্ধুসভার সহসভাপতি আশিকুর রহমান, সদস্য সাব্বির আহামেদ, নারায়ণকুল ড্রীম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাভানা আফরোজা ও মো. ইমরানা প্রমুখ। গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন কর্মসূচি সঞ্চালনা করেন।
ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহীদ মিনার চত্বরে মানববন্ধনের আয়োজন করেন ভৈরব বন্ধুসভার সদস্যরা। এতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন।
ভৈরবে বন্ধুসভার মানববন্ধনভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাট্য সংগঠক সাগর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা জাহিদুল হক, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, গণমাধ্যমকর্মী খাইরুল ইসলাম, রক্ত সৈনিক নজরুল ইসলাম, প্রথম আলোর ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমির পরিচালক হিমেল আহমেদ, এমবিশন পাবলিক স্কুলের শিক্ষক সামিউল হক, ভৈরব বন্ধুসভার সাবেক উপদেষ্টা রাকিব হোসাইন, সাবেক সভাপতি, ইকরাম বখশ, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আনাস খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, শিক্ষার্থী তৈয়বা ও সীমা।
বক্তারা বলেন, যত দিন যাচ্ছে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে। সহিংসতার ধরন আগের চেয়ে আরও বীভৎস ও হিংস্র হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের প্রতি উদ্বেগজনক হারে সহিংসতা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক এমন নির্মম ঘটনা ঘটছে।
কয়রা, খুলনা
খুলনার কয়রা বন্ধুসভার উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কয়রায় বন্ধুসভার মানববন্ধনকয়রা উপজেলা বন্ধুসভার সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কান্তি মণ্ডল, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আজিজুল হক, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সভাপতি নিরাপদ মুন্ডা, গ্রিন ভয়েস কয়রার সভাপতি অয়াসকুরনী রুম্মান।
বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
কলাপাড়া, পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে ‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’–এর আয়োজন করে কলাপাড়ড়া বন্ধুসভা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া বাউল সংঘের সদস্যরা।
প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মানু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিয়াখালী ইউনিয়নের দল নেতা এস এম মোশারফ হোসেন, নুর একাডেমির সহকারী শিক্ষক সানজিদা আফরোজ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কমিউনিটি প্রশিক্ষক মো. শহীদুল ইসলাম তালুকদার, কলাপাড়া বাউল সংঘের সাধারণ সম্পাদক মো. শামীম ব্যাপারী, কলাপাড়ার বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]