ঢাকায় নর্ডিক দূতাবাসের যৌথ উদ্যোগে ফটো প্রতিযোগিতা

· Prothom Alo

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতাকে উৎসাহিত করতে এবং পেশাদার ও শখের আলোকচিত্রীদের সৃজনশীল প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে ঢাকায় নিযুক্ত নর্ডিক দূতাবাসগুলো। ঢাকার সুইডেন, ডেনমার্ক ও নরওয়েজীয় দূতাবাস যৌথভাবে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা এবং সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে শিল্পের ফ্রেমে বন্দী করা। দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ উদ্যোগ নর্ডিক কাউন্সিল অব মিনিস্টারসের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। বিস্তারিত:

Visit newsbetting.cv for more information.

প্রতিযোগিতার বিষয়বস্তু

এবারের আলোকচিত্র প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ: মুক্ত ও স্বাধীন গণমাধ্যম’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা আলোকচিত্র চর্চা করেন কিংবা যাঁরা এই পেশায় নবাগত, তাঁরা সবাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। জমাকৃত আলোকচিত্রটিতে অবশ্যই প্রতিযোগিতার থিম বা বিষয়বস্তুর প্রতিফলন থাকতে হবে।

অংশগ্রহণকারীরা তাঁদের ছবিতে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতায় জেন্ডার বা লিঙ্গসমতা, সেলফ-সেন্সরশিপ বা স্ব-আরোপিত সেন্সরশিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক চ্যালেঞ্জগুলোকে তুলে ধরতে পারবেন। এ ছাড়া বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক অন্য যেকোনো দিক নিয়েও কাজ করার স্বাধীনতা আলোকচিত্রীদের দেওয়া হয়েছে। প্রতিটি ছবির জন্য একটি শিরোনাম থাকা বাধ্যতামূলক, তবে বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই।

অংশগ্রহণের নিয়মাবলি

প্রতিযোগিতায় অংশ নেওয়া অত্যন্ত সহজ। প্রতিযোগীকে তাঁর ছবিটি যেকোনো ফাইল শেয়ারিং সিস্টেমে (যেমন: গুগল ড্রাইভ বা ড্রপবক্স) আপলোড করতে হবে। এরপর সেই লিংকটি ই–মেইল করতে হবে এই ঠিকানায়: [email protected]। ছবিগুলো অবশ্যই হাই-রেজোল্যুশন জেপিজি ফরম্যাটে হতে হবে। পরবর্তী সময়ে সেরা ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

পুরস্কার ও প্রদর্শনী

নির্বাচিত সেরা ছবিগুলো নিয়ে আগামী ৩ মে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের বাসভবনে একটি যৌথ প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সঙ্গে সংগতি রেখে আয়োজিত এই অনুষ্ঠান আলোকচিত্রীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল, ২০২৬

সতর্কতা ও শর্তাবলি

প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে:

১. আলোকচিত্রটি অবশ্যই মৌলিক হতে হবে। জমাকৃত ছবির পূর্ণ মালিকানা আলোকচিত্রীর নিজের হতে হবে। ছবির স্বত্ব নিয়ে কোনো জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়ভার অংশগ্রহণকারীকে বহন করতে হবে।

২. এটি নিছক একটি আলোকচিত্র প্রতিযোগিতা। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি কোনো ছবি গ্রহণ করা হবে না। এআইয়ের মাধ্যমে সম্পাদিত বা তৈরি করা হয়েছে, এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া গেলে তা সরাসরি অযোগ্য ঘোষণা করা হবে।

কপিরাইট বা স্বত্বাধিকারীসংক্রান্ত তথ্য

প্রতিযোগিতায় জমা দেওয়া ছবিগুলো চূড়ান্ত প্রদর্শনীর জন্য প্রিন্ট করা হতে পারে। এ ছাড়া দূতাবাসগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিংকডইন) ছবি প্রচার করা হবে।

Read at source