ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব দিল এনসিপি
· Prothom Alo

ইসহাক সরকারকে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়কের দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপিতে যোগ দেওয়ার দুই দিনের মাথায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হলো।
Visit extonnews.click for more information.
বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারসহ বেশ কয়েকজন গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আওয়ামী লীগ শাসনামলে তিন শতাধিক মামলায় আসামি হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাভোগও করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৭ আসনে বিদ্রোহী প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন।
আজ রোববার বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের পুনর্গঠিত আহ্বায়ক কমিটি (আংশিক) প্রকাশ করা হয়। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে গঠিত এই আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস এম শাহরিয়ার বহাল আছেন। তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবসহ অন্যান্য পদে পরিবর্তন এসেছে। আগের কমিটি ছিল ১১৯ সদস্যের। পুনর্গঠিত কমিটির আকার ৬৫।
*** পুনর্গঠিত এনসিপির আহ্বায়ক কমিটির আকার ১১৯ সদস্য থেকে কমিয়ে ৬৫ করা হয়েছে। *** আলাউদ্দীন মোহাম্মদ স্বেচ্ছায় আহ্বায়কের পদ ছেড়েছেন ইসহাক সরকারকে জায়গা করে দিতে।
পুনর্গঠিত কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে পুরান ঢাকার আদেল পরিবারের ছেলে তারেক আহম্মেদ আদেলকে। তিনি একসময় জাতীয় পার্টির (জাপা) উপদেষ্টা ছিলেন। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদ বিন রনিকে। পুনর্গঠিত কমিটিতে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক, ২১ জনকে যুগ্ম সদস্যসচিব, ৪ জনকে সাংগঠনিক সম্পাদক ও ১৮ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ইসহাক সরকারকে জায়গা করে দিতে স্বেচ্ছায় ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়কের পদ ছেড়েছেন আলাউদ্দীন মোহাম্মদ। আলাউদ্দীন প্রথম আলোকে বলেছেন, ‘এতে আমি খুশিও।’