পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনী শেষ না হওয়ায় ক্ষোভ  

· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন দ্বারপ্রান্তে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই পর্বে এই রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন হবে। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়নি। চলছে ভোটার তালিকার বিবেচনায় থাকা ৬০ লাখ ভোটারের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে শুনানির পর্ব। এই শুনানি বা সংশোধিত ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও আন্দোলন চলছে।

Visit moryak.biz for more information.

গতকাল শনিবার গভীর রাতে রাজ্যের নিবিড় সংশোধিত ভোটার তালিকার (এসআইআর) বিবেচনায় থাকা ভোটারদের অন্তর্ভুক্তির শুনানি শেষ হয়। পরে তৃতীয় দফায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গতকাল রাতে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এই তিন দফায় সব মিলিয়ে বিবেচনায় থাকা ৩৭ লাখ ভোটারের শুনানি শেষ হয়েছে। তবে এখনো বাকি ২৩ লাখ ভোটারের শুনানি।

এভাবে চললে নির্বাচনের আগে বাকি ভোটারদের শুনানি শেষ করা সম্ভব হবে কি না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। কেননা প্রথম দুই দফায় শুনানি শেষে বাদ গেছে ৪৫ শতাংশ ভোটারের নাম। এখন প্রশ্ন উঠেছে রাজ্যের ভোটার তালিকায় যে পর্যন্ত শুনানি হয়েছে বা সংশোধন হয়েছে, তারপর ভোটার তালিকার সংশোধনপ্রক্রিয়া কি থমকে যাবে? এই ২৩ লাখ ভোটার কি ভোট দেওয়ার অধিকার হারাবেন?

ভোটার তালিকার সংশোধন নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলটি প্রতিবাদ অব্যাহত রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি এই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ভোটার তালিকায় ভোটারদের বিভিন্ন ত্রুটির কারণে নির্বাচন কমিশন ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনায় রাখে শুনানির শর্তে।

গত বছরের নভেম্বরে এই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ শুরুর সময় এই রাজ্যে ভোটার ছিল ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকায় বাদ পড়েন ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জন। এঁদের মধ্যে ছিল মৃত ভোটার, ভুয়া ভোটার, স্থানান্তরিত ভোটার ও একাধিক জায়গায় নাম থাকা ভোটার।

এবার নির্বাচন কমিশন বিবেচনায় থাকা ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য শুনানি শুরু করে। সেই শুনানির পর এখন ২৩ লাখ বিচেনায় থাকা ভোটারের নাম এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

প্রশ্ন উঠেছে এ পর্যন্ত যে শুনানি হয়েছে, তাদের যুক্ত করে কি নির্বাচন হবে? যদিও বিবেচনায় থাকা ভোটারদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের আপিল করার সুয়োগ দিয়েছেন উচ্চ আদালত। ১৯ জন সাবেক বিচারপতিকে নিয়ে গড়া হয়েছে ১৯টি আপিলসংক্রান্ত ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে বিবেচনায় থাকা ভোটারদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা অনলাইন ও অফলাইনে আপিল করতে পারবেন।

Read at source