সংকট মোকাবিলায় হোসাইন (রা.)-এর জীবন থেকে ৭ শিক্ষা

· Prothom Alo

ইতিহাসের কিছু ঘটনা সময়ের গণ্ডি পেরিয়ে চিরন্তন শিক্ষায় পরিণত হয়। কারবালা তেমনই একটি ঘটনা। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন নবীজি (সা.)-এর দৌহিত্র হোসাইন (রা.), যিনি অবিচল ইমান, নৈতিক দৃঢ়তা, আত্মমর্যাদা ও ত্যাগের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা যুগে যুগে মানুষের সংকট মোকাবিলার অনুপ্রেরণা হয়ে আছে।

১. নৈতিক দৃঢ়তা

Visit esporist.org for more information.

৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে হোসাইন (রা.) এমন কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন, যেখানে দৃশ্যমান বাস্তবতায় বিজয়ের সব পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। তবু নীতি ও আদর্শের প্রশ্নে তিনি আপস করেননি। সংখ্যায় অল্প হওয়া কিংবা পার্থিব ক্ষতির আশঙ্কা তাঁকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি।

শিক্ষা: নৈতিক মূল্যবোধের প্রশ্নে দৃঢ় থাকা একজন মুমিনের মৌলিক বৈশিষ্ট্য। ব্যক্তি ও সমাজজীবনে নানা চাপ, ভয় ও প্রলোভনের মুখেও নীতিগত অবস্থান অটুট রাখতে পারলেই প্রকৃত চরিত্রের পরিচয় দেওয়া সম্ভব।

২. সংকটকালে ধৈর্য ও সহনশীলতা

কারবালা প্রান্তরে পানির সরবরাহ বন্ধ, পরিবার ও সঙ্গীদের অবরুদ্ধ অবস্থা এবং মৃত্যুর অবশ্যম্ভাবী আশঙ্কার মধ্যেও হোসাইন (রা.) ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। প্রতিকূলতার চাপে তিনি বিচলিত হননি, আবার প্রতিশোধের আবেগেও নিজেকে পরিচালিত করেননি। বিপদকে তিনি ইমানি পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন।

শিক্ষা: জীবনের অর্থনৈতিক সংকট, পারিবারিক অশান্তি, সামাজিক চাপ, ব্যক্তিগত ব্যর্থতাসহ সব ধরনের বিপর্যয় মোকাবেলায় ধৈর্য অপরিহার্য। কঠিন পরিস্থিতিতে বিচক্ষণতা প্রদর্শন ও ধৈর্যধারণই সংকট উত্তরণের অন্যতম প্রধান উপায়।

কারবালা-ট্র্যাজেডি যেভাবে বদলে দেয় আরবের ভূরাজনীতি

৩. আল্লাহর ওপর অটুট ভরসা

বাহ্যিক পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, হোসাইন (রা.) কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রকৃত শক্তি বাহ্যিক উপকরণে নয়, বরং আল্লাহর প্রতি গভীর আস্থা ও নির্ভরতায় নিহিত। তাই অনিশ্চিত ভবিষ্যৎও তাঁকে হতাশায় নিমজ্জিত করতে পারেনি।

শিক্ষা: মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন। তাই সংকট যত ভয়াবহ হোক না কেন, একজন মুমিন কখনো হতাশ হয় না। বরং সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা রেখে সামর্থ্য অনুযায়ী তা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যায়।

৪. আত্মমর্যাদা রক্ষা

হোসাইন (রা.) এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, যা তাঁর নীতি ও মর্যাদার পরিপন্থী। তিনি দেখিয়েছেন, মানুষ পার্থিবভাবে দুর্বল হতে পারে, কিন্তু আত্মমর্যাদায় কখনো পরাজিত হওয়া উচিত নয়। নীতিহীন সমঝোতার চেয়ে সম্মানজনক সংগ্রাম অধিক মূল্যবান।

শিক্ষা: সাময়িক লাভ কিংবা ব্যক্তিস্বার্থের জন্য আত্মসম্মান ও আদর্শ বিসর্জন দেওয়া উচিত নয়। ব্যক্তি ও জাতি উভয়ের উন্নতির অন্যতম ভিত্তি হলো মর্যাদাবোধ ও নীতিগত অবস্থান অক্ষুণ্ন রাখা।

৫. নেতৃত্বে দূরদর্শিতা

হোসাইন (রা.) ছিলেন একজন বিচক্ষণ ও দায়িত্বশীল নেতা। আবেগের পরিবর্তে বাস্তবতা ও দায়িত্ববোধের আলোকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কারবালার ঘটনাপ্রবাহে প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে সঙ্গীদের অবহিত করেছেন, তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধান ও সংঘাত এড়ানোর চেষ্টা করেছিলেন।

শিক্ষা: প্রকৃত নেতৃত্ব মানে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের কল্যাণ, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করা। পরিবার, প্রতিষ্ঠান, সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিচক্ষণতা ও দূরদর্শিতা একজন নেতার অপরিহার্য গুণ।

কারবালা, আশুরা এবং সাহাবিদের দ্বিমত থেকে শিক্ষা

৬. ত্যাগের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠা

হোসাইন (রা.) কেবল আদর্শের কথা বলেননি, বরং নিজের জীবন বিসর্জন, পরিবার-পরিজনদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বিশ্বাসের প্রতি অঙ্গীকারের বাস্তব প্রমাণ উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো কখনো ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বেও উঠতে হয়।

শিক্ষা: কোনো মহান আদর্শই ত্যাগ ছাড়া প্রতিষ্ঠিত হয় না। অন্যায় প্রতিরোধ, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও ক্ষুদ্র লাভের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রকৃত পরিবর্তনের সূচনা হয়।

৭. অন্যায়ের প্রতিবাদ

হোসাইন (রা.) জুলুম ও অবিচারের সামনে নীরব থাকেননি। তিনি প্রমাণ করেছেন, অন্যায়কে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া কিংবা তার প্রতি নীরব সমর্থন দেওয়া ইমানি চেতনার পরিপন্থী। তবে তাঁর প্রতিবাদ ছিল নীতিনিষ্ঠ, সচেতন ও উদ্দেশ্যপ্রসূত।

শিক্ষা: সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ন্যায়সংগত, প্রজ্ঞাপূর্ণ ও সংযত অবস্থান গ্রহণ করা প্রত্যেক মানুষের দায়িত্ব। নীরবতা অনেক সময় জুলুমকে আরও শক্তিশালী করে, আর ন্যায়ের পক্ষে অবস্থান অন্যায়ের বিস্তারকে রোধ করে।

ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা

কারবালা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ঘটনা নয়; এটি সত্য, সাহস, ত্যাগ ও আদর্শের একটি চিরন্তন বিদ্যালয়। হোসাইন (রা.)-এর জীবন, বিশেষত তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস।

শিক্ষা: বর্তমান প্রজন্ম যদি হোসাইন (রা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তবে তারা নৈতিক অবক্ষয়, অন্যায়, ভোগবাদ ও বিভ্রান্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে এবং আদর্শভিত্তিক একটি সুস্থ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ফয়জুল্লাহ রিয়াদ : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

মদিনা থেকে কারবালা

Read at source