গাঢ় নীল ও খাকি রঙে ফিরছে পুলিশ, মহানগরে হবে হালকা জলপাই
· Prothom Alo

পুলিশের পোশাকের রং পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্ট হবে গাঢ় নীল, মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই এবং প্যান্ট হবে খাকি রঙের।
Visit sport-tr.bet for more information.
গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধ্যাদেশ, ১৮৬১–এর ১২ ধারায় দেওয়া ক্ষমতাবলে মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করেছেন। এই সংশোধনের মাধ্যমে পুলিশের পোশাকের কাপড় ও রঙের বিষয়ে আগের বিধান পরিবর্তন করা হয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ ও গুলি করে মানুষ হত্যায় ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। গত বছরের জানুয়ারিতে এই তিন বাহিনীর জন্য নতুন পোশাক ঠিক করা হয়েছিল। যদিও পরে র্যাব ও আনসারের পোশাকে আর পরিবর্তন করা হয়নি। পুলিশের পোশাক পরিবর্তন করা হয়।
নতুন প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং–সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। আগের বিধানে পুলিশের শার্টের রং ছিল আইরন বা লোহা-ধূসর, আর প্যান্টের রং ছিল কফি শেল বা কফি-বাদামি ধূসর।
শীতকালীন পোশাকের ক্ষেত্রেও সংশোধন এসেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে ‘লোহা-ধূসর রঙের শার্টের’ ওপর লোহা-ধূসর রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের কথা ছিল। নতুন বিধানে সেটির পরিবর্তে নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।
জ্যাকেটের ক্ষেত্রেও ‘লোহা-ধূসর রঙের জ্যাকেটের’ বদলে গাঢ় নীল রঙের জ্যাকেট করা হয়েছে। মহানগর পুলিশের জন্য যুক্ত হয়েছে হালকা জলপাই রঙের জ্যাকেট। অর্থাৎ সাধারণ পুলিশ সদস্যদের জ্যাকেট হবে গাঢ় নীল, আর মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের জ্যাকেটের বিধান রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।
প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়েছে। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।
প্রজ্ঞাপনে মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণহাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে।