ব্রাজিলের শোভাযাত্রায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সমর্থকের মৃত্যু
· Prothom Alo

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২২) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার দৌলতখান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Visit rouesnews.click for more information.
নিহত ইসমাইল উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে। এ ঘটনায় সবুজ নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকেল চারটার দিকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই শোভাযাত্রায় অংশ নিতে নিজ এলাকা চকঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা দেন ইসমাইল। পথে দৌলতখান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামের এক পথচারীকে চাপা দেয়। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের ডোবা-নালায় পড়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফসানা নিশাত ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনার পর শোভাযাত্রা সাময়িকভাবে স্থগিত করেন ব্রাজিল সমর্থকেরা।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত ইসমাইলের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।