থ্রিলার থেকে অ্যাকশন, ওটিটিতে কী দেখবেন

· Prothom Alo

এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘রাখ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
১৯৭০-এর দশকের দিল্লি। হঠাৎ দুই কিশোর-কিশোরী নিখোঁজ হয়ে যায়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নামেন এক পুলিশ কর্মকর্তা। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে অন্ধকার, সহিংসতা ও মানবিক বিকৃতির ভয়ংকর চিত্র। এমন গল্প নিয়ে ক্রাইম থ্রিলার সিরিজটিতে অভিনয় করেছেন আলী ফজল, সোনালি বেন্দ্রে, রামদীপ যাদব, আমির বশির। এটি পরিচালনা করেছেন প্রসিত রয়।

Visit somethingsdifferent.biz for more information.

‘রাখ’–এর দৃশ্য। অ্যামাজন প্রাইম ভিডিও

‘ম্যাটারনাল ইন্সটিঙ্কট’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২০ সালে টেক্সাসের একটি মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এক নারীকে থামায় পুলিশ। ওই নারী দাবি করেন, তিনি সদ্য সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু তদন্তকারীরা দ্রুত বুঝতে পারেন যে শিশুটি তাঁর নয়, এমনকি ঘটনাস্থলের রক্তও তাঁর শরীরের নয়। এরপর উন্মোচিত হতে থাকে এক ভয়ংকর প্রতারণা, মিথ্যা গর্ভধারণ এবং হত্যাকাণ্ডের গল্প। আলোচিত সেই ঘটনা নিয়েই এই তথ্যচিত্র। পরিচালনা করেছেন জেসিকা ডিমক।

‘দৃঢ়ম’-এর পোস্টার। আইএমডিবি

‘দৃঢ়ম’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
চলতি বছরের আলোচিত মালয়ালম থ্রিলার। ছবিটির পরিচালক মার্টিন জোসেফ, যিনি দীর্ঘদিন দৃশ্যম নির্মাতা জিতু জোসেফের সহকারী হিসেবে কাজ করেছেন। পুলিশি তদন্ত ঘরানার সিনেমাটির গল্প নবনিযুক্ত সাবইন্সপেক্টর বিজয় রাধাকৃষ্ণনকে নিয়ে। তাঁকে একটি শান্ত গ্রামীণ থানায় পোস্টিং দেওয়া হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ একের পর এক অপরাধ—খুন, মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার এবং ব্যাংক ডাকাতি—নাড়িয়ে দেয় এলাকা। শুরু হয় রহস্য উদ্‌ঘাটনের দৌড়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেন নিগম।

আলোচিত সেই সিরিজ, ওটিটিতে আরও যা দেখবেন

‘শেল্টার’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান
মাইকেল মেসন এমআই৬–এর সাবেক এজেন্ট। অতীতের জীবন ছেড়ে স্কটল্যান্ডের উপকূলের একটি নির্জন দ্বীপে আত্মগোপনে থাকেন। তাঁর শান্ত জীবন ওলটপালট হয়ে যায়, যখন তিনি জেসি নামের এক কিশোরীকে আশ্রয় দেন। কিশোরীটিকে রক্ষা করতে গিয়ে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্র, দুর্নীতিগ্রস্ত গোয়েন্দা সংস্থা এবং পেশাদার হত্যাকারীদের বিরুদ্ধে এক প্রাণঘাতী লড়াইয়ে জড়িয়ে পড়েন মেসন। এমন গল্প নিয়ে অ্যাকশন–অ্যাডভেঞ্চার সিনেমাটি পরিচালনা করেছেন রিক রোমান ওয়া। অভিনয় করেছেন জেসন স্ট্যাথাম, বোধি রে ব্রেথনাখ, বিল নাই।

Read at source