যুদ্ধের দৃশ্য থাকায় হাইতিকে জার্সি বদলাতে বাধ্য করল ফিফা

· Prothom Alo

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার মাত্র কয়েক দিন আগে জার্সির নকশা বদলাতে বাধ্য হয়েছে হাইতি। তাদের জার্সিতে আঁকা একটি যুদ্ধের দৃশ্য ফিফার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবেচিত হয়েছে।

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে হাইতির খেলোয়াড়েরা যে জার্সি পরেছিলেন, তাতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’–এর একটি চিত্র ছিল। ফরাসি ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধেই হাইতি স্বাধীনতা লাভ করে। জার্সিতে সেই দৃশ্যের পাশাপাশি দেশের পতাকাও সংযুক্ত ছিল।

Visit newssport.cv for more information.

তবে ফিফার সরঞ্জামবিষয়ক বিধিমালায় জার্সি বা অন্য কোনো ক্রীড়া সরঞ্জামে ‘রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা কিংবা স্লোগান’ ব্যবহারের অনুমতি নেই। এ কারণে হাইতিকে তাদের জার্সির নকশা পরিবর্তন করতে হয়েছে।

মাফিয়া রাজত্ব, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক ও হাইতি

এক বিবৃতিতে কলম্বিয়ার ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতা জানিয়েছে, তাদের মূল নকশাটি ছিল ‘হাইতির ভবিষ্যৎ গঠনে প্রতিদিন অবদান রাখা নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানানো।’ প্রতিষ্ঠানটির দাবি, এটি কোনোভাবেই ‘রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়নি’।

৫২ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে হাইতি

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিফা মনে করেছে, নকশার কিছু দৃশ্যমান উপাদান তাদের সরঞ্জামবিষয়ক বিধিমালার আলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। সে কারণে শেষ পর্যন্ত সংস্থাটি নকশায় পরিবর্তন আনার অনুরোধ জানিয়েছে।’

সায়েতা আরও বলেছে, ‘যদিও ফিফার এই ব্যাখ্যা আমাদের মূল উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিল ছিল না, তবু আমরা প্রক্রিয়াটিকে সম্মান জানিয়েছি এবং ফিফা যে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন করেছি।’

হাইতির বিশ্বকাপ দলের অর্ধেকের বেশিই প্রবাসী

৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। ১৪ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্যারিবীয় দেশটির এবারের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে হাইতির অন্য দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার দেশ মরক্কো।

এর আগে মাত্র একবার বিশ্বকাপে খেলেছিল হাইতি। ১৯৭৪ সালে অনুষ্ঠিত সেই আসরে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হেরেছিল তারা। শুধু তা-ই নয়, তিন ম্যাচে মোট ১৪ গোল হজম করে বিদায় নিতে হয়েছিল ক্যারিবীয় দলটিকে।

Read at source