ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল পুকুরে, গোসল করতে নেমে মা–শিশু নিহত
· Prothom Alo

বরগুনায় ঝড়ে বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পুকুরে পড়েছিল। সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক নারী ও তাঁর শিশুছেলে। বুধবার বিকেলে সদর উপজেলায় ঢলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামের পুকুরটি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনার জন্য স্থানীয় লোকজন পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের দায়ী করছেন।
মারা যাওয়া দুজন হলেন মোছা. নূপুর (৩৫) ও তাঁর ছেলে শাহাদাত হোসেন (২)। নিহত নূপুর বেগম রায়ভোগ গ্রামের মিরাজের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে পুকুর পড়েছিল। সকালে বিষয়টি পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে জানানো হয়, কিন্তু কেউ আসেননি।
নূপুরের দুই ছেলে সকাল ৯টায় বাড়ি থেকে স্কুলে যায়। স্কুল ছুটি হলে তারা বাড়ি ফিরে মা ও অপর ভাইকে না পেয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না। এর মধ্যে বিকেলে বিদ্যুতের লোক ঝড়ে ছিঁড়ে যাওয়া সংযোগলাইন মেরামতের জন্য ওই বাড়িতে যান। সেখানে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তার টেনে তোলার সময় নূপুর ও তার ছেলের মরদেহ উঠে আসে।
ঢলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে পুকুরে পড়ে। এরপর সকালে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। কিন্তু তারা আসেনি। এমনকি বিদ্যুৎ–সংযোগটি বন্ধও করেনি। বিদ্যুতায়িত পুকুরে গোসল করতে নেমে মা ও ওই শিশু মারা যান। বিকেলে পল্লী বিদ্যুতের লোক ঝড়ে ভেঙে যাওয়া লাইন মেরামতের জন্য ওই বাড়িতে আসেন। সেখানে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তার টেনে তোলার সময় নূপুর ও তাঁর ছেলের মরদেহ উঠে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিদ্যুৎ বিভাগের লোকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করবে।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ আছফা উদ্দিন জানান, ঝড়ে বিদ্যুতের সংযোগলাইন ছিঁড়ে পুকুরে পড়ে থাকায় ওই পুকুরে নেমে দুজন মানুষ মারা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে যদি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গাফিলতি থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।