ঈদের ছুটি শেষে গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকেরা

· Prothom Alo

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে। আজ শনিবার সকালে জেলার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন শেষে শ্রমিকেরা কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুরে মোট ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি তৈরি পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠানে প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন। ঈদ উপলক্ষে অধিকাংশ শ্রমিক নিজ নিজ গ্রামের বাড়িতে গেলেও ছুটি শেষে তাঁরা নির্ধারিত সময়েই কর্মস্থলে ফিরেছেন।

Visit afnews.co.za for more information.

আজ সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কারখানার প্রবেশপথে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎপাদন লাইনে কাজ শুরু হয়েছে পুরোদমে। কোথাও উল্লেখযোগ্য অনুপস্থিতি বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

কয়েকজন শ্রমিক বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনের পর কর্মস্থলে ফিরে তাঁরা সন্তুষ্ট।

কারখানার মালিক ও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রম আইন ও শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং কারখানাগুলোর নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় গাজীপুরের শিল্প উৎপাদন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এতে দেশের রপ্তানি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা আশা করছেন।

চন্দনা চৌরাস্তা এলাকার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ঈদ উপলক্ষে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছিল ১০ দিন। সেই ছুটি কাটিয়ে আজ থেকে তাঁরা কাজে ফিরেছেন। কারখানার উৎপাদন শুরু হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের উপপরিদর্শক জাকির হোসেন বলেন, আজ থেকে গাজীপুরের অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে শ্রমিকেরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।

Read at source