ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী, বাসচাপায় পথচারী নিহত

· Prothom Alo

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ট্রাকচাপায় এবং অন্যজন বাসচাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার সকালে দুজনের মৃত্যু হয়।

ট্রাকচাপায় নিহত হয়েছেন ইকবাল হোসেন ওরফে জিসান (২৩)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। দুর্ঘটনার সময় ইকবাল মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত অপরজন মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)। তিনি সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে। হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দেয়। তিনি পেশায় টাইলসের মিস্ত্রি।

Visit asg-reflektory.pl for more information.

পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে সকালে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার সুলতান পাম্পের বিপরীতে চৌধুরীপাড়া রাস্তার মুখে তাঁকে একটি ট্রাক চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইকবাল নিহত হন। একই দুর্ঘটনায় জিহানুল ইসলাম (২৩) নামের আরেক মোটরসাইকেল আরোহী আহত হন। তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস মোহাম্মদ জুয়েল মাতাব্বরকে চাপা দেয়। এরপর তাঁকে আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথেই তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে ফাজিলপুর হাইওয়ে থানার চার্জ অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, ‘নিহত ইকবাল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Read at source