আন্তর্জাতিক ও এশিয়া–প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

· Prothom Alo

তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইওএআই) ও এশিয়া–প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (এপিওএআই) জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (বিডিএআইও) আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। আট সদস্যের দলটির সদস্যরা হলেন হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, নটর ডেম কলেজের ত্রিদিব রায় ও মোবতাসিম চৌধুরী প্রিয়ম, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আবদুল্লাহ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ ও রাজউক উত্তরা মডেল কলেজের মো. রিয়াসাত ইসলাম। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জুন ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া–প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে আট সদস্যের বাংলাদেশ দল। এ ছাড়া কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের চার সদস্যের দল। দলের সদস্যরা হলেন লাবিব শাহরিয়ার, মোবতাসিম চৌধুরী, সাইদুজ্জামান আরাফ ও অনন্য জারিফ। এ ছাড়া বাংলাদেশ দলের সঙ্গে যাবেন দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

Visit freshyourfeel.org for more information.

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক ও এশিয়া–প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের জন্য ১৬ মে তৃতীয় বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড আয়োজন করা হয়েছিল। অলিম্পিয়াডে শীর্ষ ২৫ বিজয়ীকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। পরে ক্যাম্পে অংশগ্রহণকারীদের মেশিন লার্নিং প্রতিযোগিতা, সাক্ষাৎকার, পাইথন নোটবুক মূল্যায়ন ও সিলেকশন টেস্টের মাধ্যমে মূল্যায়ন করে আট সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়।

প্রসঙ্গত, এবারের আসরের প্ল্যাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, টিভি পার্টনার দীপ্ত টিভি, ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডটকম ও জাদু পিসি।

Read at source