ফরিদপুর মেডিকেলে সাজাপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
· Prothom Alo

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
Visit casino-promo.biz for more information.
সৈয়দ আশরাফ আলী আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের বাসিন্দা। তিনি তিন মাস ধরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা কারাগারে ছিলেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গতকাল বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে রাত আটটার দিকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় তাঁর সাজা হয়েছিল। এর মধ্যে এক মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
সৈয়দ আশরাফ আলী গত ৬ মার্চ সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান জানিয়ে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, তাঁর বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা এখনো বিচারাধীন। চিকিৎসকের দেওয়া আশরাফ আলীর মৃত্যুসনদে ‘নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপজনিত অস্থিরতায় মৃত্যু’ উল্লেখ করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, কারাবন্দীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।