‘আমরা শিশু ও নারীদের নিরাপত্তা চাই’

· Prothom Alo

মাদারীপুরে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে জেলা শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে এ কর্মসূচির আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা। এতে শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, নাট্যকার, আইনজীবী, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Visit orlando-books.blog for more information.

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু ও নারীরা বাংলাদেশে নিরাপদে নেই। দিন দিন তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন বেড়ে চলেছে। আমরা শিশু ও নারীদের নিরাপত্তা চাই। যেভাবেই হোক নারী ও শিশুর প্রতি হওয়া অন্যায়, নির্যাতন, ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করতে হবে।’ এ সময় নৃশংসভাবে ধর্ষণ শেষে হত্যার শিকার শিশুর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়।

মাদারীপুর উদীচীর সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন বলেন, ‘ঢাকার পল্লবীর শিশুটির সঙ্গে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

মাদারীপুরে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে সচেতন নাগরিক কমিটির সদস্য ও বন্ধুসভার উপদেষ্টা এনায়েত হোসেন বলেন, ‘আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এ নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’

মানববন্ধনে মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমানের সভাপত্বিতে আরও বক্তব্য দেন ‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর শাখার সভাপতি ও আইনজীবী মশিউর রহমান, নাট্যকার আ জ ম কামাল, প্রথম আলো মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, এপেক্স ক্লাব অব মাদারীপুরের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, মাদারীপুরের আইন সহায়তা কেন্দ্রের (আসক) সভাপতি ফাইজুল হক শরীফ, জ্যেষ্ঠ সদস্য ও আবৃত্তিশিল্পী কুমার লাভলু, বন্ধুসভার সদস্য আল-শাহরিয়াত করিম, উদ্যোক্তা রফিকুল ইসলাম প্রমুখ।

Read at source