ক্রিকেট বোর্ডের পরিচালক হতে মন্ত্রী–এমপির স্বজনদের ভিড়
· Prothom Alo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের প্রায় এক তৃতীয়াংশই বর্তমান সরকারি দল বিএনপির সংসদ সদস্য অথবা মন্ত্রীদের আত্মীয়স্বজন। তাঁদের কয়েকজন আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান গতকাল সাংবাদিকদের জানান, তিন ক্যাটাগরিতে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ তাঁদের মনোনয়নপত্র যাছাই–বাছাই করার পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
Visit afnews.co.za for more information.
জেলা ও বিভাগ ক্যাটাগরিতে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা জানালেও ক্লাব ক্যাটাগরির প্রার্থীদের নাম জানানো হয়নি। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একটি পরিচালক পদের বিপরীতে একজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁদের পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার।
রংপুর বিভাগ থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সল আমীন একমাত্র প্রার্থী। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া–২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী।
সিলেট বিভাগের পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট সিটি করপোরেশনে সরকার নিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি। কাউন্সিলর হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।
এর বাইরে যে চারটি বিভাগে নির্বাচন হবে, তার তিনটিতেও বেশ কয়েকজন এমপি ও মন্ত্রীর আত্মীয়স্বজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান ঢাকা বিভাগ থেকে প্রার্থী হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক প্রার্থী মাঈন উদ্দিন চৌধুরী পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর–৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরীর চাচা। খুলনা বিভাগের প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও যশোর–৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলামের ভাই।
রিটার্নিং কর্মকর্তা না বললেও নানা সূত্র থেকে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক প্রার্থীদের নাম জানা গেছে। এর মধ্যে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তিন সদস্য ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।
ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও ইয়াসির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–১০ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে।
তাঁদের বাইরে এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছেন আমিনুল ইসলামের বোর্ডে এনএসসি মনোনীত পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ওই বোর্ড ভেঙে দেওয়ার কিছুদিন আগে যিনি পদত্যাগ করেছিলেন। এবারের নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হওয়া ফয়সালের বাবা আবুল কালাম কুমিল্লা–৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য।
মনোনয়নপত্র জমা দেওয়া বাকিদেরও বেশির ভাগ বর্তমান সরকারি দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অথবা কোনো নেতার আত্মীয়। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে ১৮ জন, জেলা ও বিভাগে ১০ পদের বিপরীতে ১৪ জন এবং বিভিন্ন সংস্থার ক্যাটাগরি–৩–এ একজনের বিপরীতে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন। সে দিন ২৩ পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেবে দুজন পরিচালক। মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।
বিসিবির ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই