খুলনায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঢুকে গুলি, যুবদলের ২ কর্মী আহত
· Prothom Alo

খুলনায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গুলিতে যুবদলের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার পুটিমারী বাজারে জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এলাকাটি নগর পুলিশের লবণচরা থানা এলাকায় পড়েছে।
Visit turconews.click for more information.
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি। তিনি জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। আহত আরেকজন জাহিদ মাসুম যুবদল কর্মী বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মাসুম বিল্লাহ ও জাহিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ টিনশেডের বিএনপি অফিসের ভেতরে বসে ছিলেন। এ সময় এলাকার পারভেজ নামে একজন মোটরসাইকেলে এসে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পারভেজ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। মাসুমের বাঁ পায়ের ঊরু এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। ঘটনার পর পারভেজ দ্রুত মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করেন।
গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লবণচরা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
নগরের লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, মাসুম বিল্লাহ ও পারভেজ পূর্বপরিচিত। কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্কের ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ পিস্তল দিয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি করেন। তাঁকে বাঁচাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হন। পরে মাসুমের পায়েও গুলি করা হয়।
ওসি আরও বলেন, আহত দুজন শঙ্কামুক্ত। পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।