প্রিয় বন্ধুর সঙ্গেই এখন সংসার

· Prothom Alo

ক্রিকেট প্রেজেন্টার ও অভিনেতা গৌরব কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী কৃতিকা কামরা। এপ্রিলে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিরিজ ‘মটকা কিং’। ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক, ক্যারিয়ার ও নতুন সিরিজ নিয়ে একান্ত আলাপচারিতায় খোলামেলা কথা বললেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় কৃতিকার সঙ্গে এই আড্ডা জমেছিল।
গত ১১ মার্চ ক্রিকেট উপস্থাপক গৌরব কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কৃতিকা।

নিজেদের আবাসনের ছাদে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিয়ে করেছেন। বিয়েতে ক্রিকেট এবং বিনোদন দুনিয়ার অনেকেই হাজির ছিলেন। আড্ডায় শুরুতে তাঁর কাছে জানতে চাইলাম, বিয়ের পর জীবন কতটা বদলেছে? কৃতিকা হেসে বলেন, ‘সত্যি বলতে খুব বেশি বদল আসেনি। বরং বিয়ের পরের সময়টা খুব স্বচ্ছন্দে কাটছে। কারণ, আমরা আগে থেকেই একে অপরকে খুব ভালোভাবে চিনতাম। এই বাড়ির সাজসজ্জার কাজও আমি নিজে করেছি, তাই আগেই নিজেকে এই বাড়ির অংশ বলে মনে হয়েছে।’

Visit bettingx.bond for more information.

কৃতিকা কামরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছোটবেলা থেকেই স্বনির্ভর জীবনে অভ্যস্ত কৃতিকা। বোর্ডিং স্কুলে পড়াশোনা, অল্প বয়সে মুম্বাইয়ে এসে কাজ—সব মিলিয়ে একা থাকা বা সংসার সামলানো কৃতিকার কাছে নতুন নয়। ‘এখন সেই জীবনটাই আমার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে ভাগ করে নিচ্ছি। তাই সবকিছু আরও সুন্দর লাগছে,’ বলেন অভিনেত্রী। কৃতিকার মতে, তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান। ‘দুই সঙ্গীর মধ্যে বন্ধুত্ব থাকলে সম্পর্ক অনেক সহজ হয়ে যায়। শুরু থেকেই আমাদের মধ্যে সেই জায়গাটা ছিল। আমরা একে অপরের ব্যক্তিগত পরিসর, কাজ এবং যাত্রাকে সম্মান করি।’
গৌরব কাপুরের সঙ্গে তাঁর বোঝাপড়ার অন্যতম কারণ দুজনই ‘সেল্ফ-মেড’। কৃতিকা বলেন, ‘আমার মতো গৌরবও মুম্বাইয়ের নয়। বাইরে থেকে এসে এত

কৃতিকা কামরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রতিযোগিতামূলক একটা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা আমাদের জন্য সহজ ছিল না। তাই আমরা একে অপরের সংগ্রাম বুঝতে পারি। খুব অল্প বয়স থেকেই আমরা কাজ করছি। গৌরব যেভাবে পরিশ্রম আর সম্মান নিয়ে নিজের জায়গা তৈরি করেছে, সেটা আমি ভীষণ শ্রদ্ধা করি।’

বিয়ের পর তাঁদের কাজের ব্যস্ততা কমেনি; বরং বেড়েছে। অভিনেত্রীর কথায়, ‘আমরা দুজনই নিজের কাজকে ভীষণ ভালোবাসি। বিয়ের আগের সপ্তাহ পর্যন্ত কাজ করেছি। আবার বিয়ের এক সপ্তাহ পরেই গৌরব আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি মটকা কিং-এর প্রচার শুরু করেছিলাম। আমাদের সময় সব সময় মেলে না, তাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম হয়। কিন্তু আমরা এই জীবনটা বুঝি বলেই মানিয়ে নিতে পারি।’

সংসারের টুকিটাকি কাজ দুজন ভাগ করে নিয়েছেন। তিনি জানান, বহু বছর একা থাকার অভিজ্ঞতা তাঁদের দুজনকেই সংসারের কাজ শিখিয়েছে। ‘গৌরবও সংসার চালাতে জানে, আমিও জানি। যেমন মটকা কিং-এর প্রচারের সময় গৌরবের আইপিএল চলছিল। ওর সন্ধ্যার শিফট থাকত, তাই দুপুরে কী রান্না হবে, সেটা ও-ই দেখত। যে যখন বাড়িতে থাকে, সে–ই তখনকার কাজটা সামলে নেয়। আমরা মিলেমিশেই সব করি,’ বলেন অভিনেত্রী।

কৃতিকা কামরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কৃতিকা আরও জানান, দুজনই রান্না করতে পারেন। যদিও এখন খুব বেশি রান্না করা হয় না, তবু তিনি মনে করেন, সংসারে নারী-পুরুষের ভূমিকা কোনো চিরাচরিত ধারণা দিয়ে নির্ধারণ করা উচিত নয়। ছোটবেলা থেকেই কর্মজীবী মাকে অফিস ও সংসার একসঙ্গে সামলাতে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতাও তাঁর ভাবনায় প্রভাব ফেলেছে।
‘মটকা কিং’-এ কৃতিকাকে এক পার্সি নারীর চরিত্রে দেখা গেছে। সিরিজে নিজের চরিত্র এবং লুক নিয়ে কৃতিকা বেশ উচ্ছ্বসিত, ‘আগে কখনো পার্সি মেয়ের চরিত্রে অভিনয় করিনি। সিরিজের সময়কাল ৬০-৭০-এর দশক। তাই সেই সময়ের ফ্যাশন, হেয়ারস্টাইল—সবকিছু নিয়েই আলাদা প্রস্তুতি ছিল। আমার আগের কাজগুলোতে লুক অনেকটাই সাদামাটা ছিল, কিন্তু এখানে একটু গ্ল্যামারের ছোঁয়া ছিল। তাই নতুনভাবে নিজেকে নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে পেরেছি।’ নাগরাজ মঞ্জুরে পরিচালিত সিরিজটি দারুণ প্রশংসিত হয়েছে। তাই নির্মাতারা এর দ্বিতীয় সিজন আনার কথা ঘোষণা করেছেন। মটকা কিং-এর মূল চরিত্রে কৃতিকা ছাড়া আছেন বিজয় ভার্মা, সাই তামহনকার।

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন

মটকা কিং-এর একটি সংলাপ ‘শুধু আশা নিয়ে বাঁচতে হয়’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আশা ছাড়া তো কিছুই চলে না, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেখানে অনিশ্চয়তাই সবচেয়ে বড় বাস্তবতা। অনেক সময় কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না। তখন আশা আর নিজের ওপর বিশ্বাসের জোরে এগিয়ে যাই।’
আলাপচারিতার শেষে পেশাগত জীবনের অনিশ্চয়তার প্রসঙ্গ আসে। কৃতিকা বলেন, ‘ব্যক্তিগত জীবনে এখন আমি অনেকটাই স্থির ও নিরাপদ অনুভব করি। কিন্তু পেশাগতভাবে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া সম্ভব নয়। তবে এই অনিশ্চয়তার মধ্যেই একধরনের উত্তেজনা আছে। এখনো মনে হয়, অনেক কিছু করার বাকি।’ বরাবরই তিনি নিজের কাজের সমালোচক। ‘সব সময় মনে হয়, আরও ভালো করা যেত। হয়তো সে কারণেই এখনো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার তাড়না কাজ করে,’ বলেন অভিনেত্রী।

কৃতিকা কামরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

Read at source