ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মতিনুর রহমান

· Prothom Alo

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Visit casino-promo.biz for more information.

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের (আচার্য) অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০(১) অনুযায়ী মতিনুর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

আজ বিকেল পৌনে পাঁচটার দিকে যোগাযোগ করা হলে মুঠোফোনে মতিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এই মুহূর্তে মিনিস্ট্রিতে আছি। যোগদান করছি। পরে কথা বলব।’

অধ্যাপক এ কে এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কার্যনির্বাহী সদস্য। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর ৩৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

Read at source