রাষ্ট্রপতির হৃদ্‌যন্ত্রে ‘ব্লক’ শনাক্ত, পরানো হয়েছে স্টেন্ট

· Prothom Alo

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়। পরে জরুরি ভিত্তিতে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।

Visit sportfeeds.autos for more information.

বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানিয়েছেন।

ফয়জুল হক জানান, যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অ্যানজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অ্যানজিওপ্লাস্টি করা হয়। একটি স্টেন্ট স্থাপন করা হয়।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতি তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

রাষ্ট্রপ্রধান ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তী সময় হৃদ্‌রোগ-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ‘ফলোআপ’ চিকিৎসা গ্রহণ করে আসছেন।

রাষ্ট্রপতি ৯ মে ‘ফলোআপ’ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Read at source