৮০ ওভার হোক কিংবা ১২০ ওভার, বাংলাদেশ চায় ৪০০ করতে

· Prothom Alo

দেশের বাইরে ৬ ম্যাচে জয় ৩টিতে, অথচ ঘরের মাঠে কিনা সমান ম্যাচে জয় কেবল একটি! টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে বাংলাদেশের পারফরম্যান্স ছিল এমন এবং সেটা আর যা–ই হোক, খুব আশাব্যঞ্জক নয়।

Visit afrikasportnews.co.za for more information.

কোথায় ঘাটতির কারণে এমন ফল, কোন জায়গায় দরকার উন্নতি? টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও একটি চক্রে বাংলাদেশ প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই করা হয় অধিনায়ক নাজমুল হোসেনের কাছে।

মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুলের উত্তর, ‘অধিনায়ক হিসেবে চাইব যে ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সব সময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।’

সমস্যাটা যে অধিনায়ক ঠিকঠাকই খুঁজে বের করেছেন, সেটি দেখা যাচ্ছে পরিসংখ্যানেও। গত চক্রে ঘরের মাঠে বাংলাদেশের খেলা ৬ টেস্টে মাত্র একবারই ৩০০–এর বেশি রান দেখা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রানের ইনিংসের সেই ম্যাচটি বাদ দিলে অন্য কোনো ম্যাচে ২০০ রানও করতে পারেনি!

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল

এবার তাই এই জায়গায় উন্নতিতে চোখ রাখছেন নাজমুল, ‘(প্রথম ইনিংসে) চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

পিন্ডিতে দুবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ, এবার কী করবে

বাংলাদেশের ব্যাটসম্যানদের এখন টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতাও কম নয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দুই নতুন মুখ তানজিদ হাসান ও অমিত হাসানকে বাদ দিলে অন্তত ২০টি করে ম্যাচ খেলেছেন সবাই। তবে বেশির ভাগ ম্যাচই তাঁদের খেলতে হয়েছে বিরুদ্ধ কন্ডিশনে।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেটে খেলা হবে। ব্যাটসম্যান ও বোলারদের জন্য থাকবে সমান সুবিধা। সেখানে ব্যাটসম্যানদের ভালো কিছু করার আশার কথাই বলে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল।

ব্যাটসম্যানদের কাছ থেকে রান চান নাজমুল

নাজমুলের ভাষায়, ‘যে রকম কন্ডিশনই থাকুক, ওই অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষত সাদা বলের ক্রিকেট, আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। এখন আশা করাই যেতেই পারে যে ধীরে ধীরে এ জায়গাটাতে ব্যাটসম্যানরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে।’

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করতে চান সিমন্স

Read at source