ফ্ল্যাটের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন, ট্রাফিক সার্জেন্টের কারাদণ্ড

· Prothom Alo

ফ্ল্যাট কিনতে টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে করা একটি মামলায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নাজিম উদ্দিন। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোশতাক আহমেদ এ রায় দেন।

Visit asg-reflektory.pl for more information.

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৯ জানুয়ারি ট্রাফিক সার্জেন্ট নাজিম উদ্দিনের সঙ্গে আশরেফা জাহানের বিয়ে হয়। নাজিমের বাড়ি চট্টগ্রামের পটিয়া এবং আশরেফা জাহানের বাড়ি লালমনিরহাটে। তাঁদের দুই সন্তান রয়েছে। চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা।

মামলার এজাহার অনুযায়ী, ফ্ল্যাট কিনতে স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম। কিন্তু টাকা দিতে না পারায় ২০২০ সালের মার্চ ও জুনের বিভিন্ন তারিখে স্ত্রীকে মারধর করেন তিনি। ওই বছরের ১৭ আগস্ট স্ত্রী আশরেফা জাহান বাদী হয়ে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দেয়। ৯ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

ট্রাইব্যুনালে নিয়োজিত সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুস রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে এক বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। আপিল করার শর্তে আদালত তাঁকে জামিন দেন। মামলা চলাকালে নাজিম ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হয় বলেও জানান তিনি।

Read at source