কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত অলিভ রিডলি কচ্ছপ

· Prothom Alo

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে উপকূলে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আজ বুধবার সকাল আনুমানিক ছয়টার দিকে কুয়াকাটার নিকটবর্তী কাউয়ারচর এলাকার ঝাউবন পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি ভেসে আসে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবদুল জলিল প্রথম কচ্ছপটি দেখতে পান। পরে তিনি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের বিষয়টি জানান।

Visit rouesnews.click for more information.

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। তাঁর মতে, দূষণ, অবৈধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সামুদ্রিক প্রাণীর মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে।

বারবার এভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বলেন, উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বড় আকারের কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে। কচ্ছপটি উদ্ধারের পর ডলফিন রক্ষা কমিটির সহায়তায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে সেটিকে মাটিচাপা দেন।

Read at source