অভিনয়ে গানের সাদী, নায়িকা সামিরা মাহি
· Prothom Alo

‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ গায়ক শেখ সাদী এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন—অভিনেতা হিসেবে। তবে বড় পর্দায় নয়, তাঁর অভিনয়ে অভিষেক হচ্ছে ছোট পর্দার নাটকে। ‘শহরের নতুন অতিথি’ নামের এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, যিনি বাস্তব জীবনেও সাদীর ঘনিষ্ঠ বন্ধু।
গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তাঁর কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি। কারণ হিসেবে সাদী তখন উপলব্ধি করেছিলেন, অভিনয় শুধু আগ্রহের জায়গা নয়, এটি যথেষ্ট পরিশ্রম ও প্রস্তুতির বিষয়। পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া বড় পর্দায় আসা ঠিক হবে না—এই ভাবনা থেকেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ দেন গানে।
Visit newsbetting.club for more information.
এর পরের সময়টা ছিল তাঁর সংগীতজীবনের জন্য গুরুত্বপূর্ণ। একের পর এক গান প্রকাশ করে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেন তিনি। বিশেষ করে ‘ললনা’ গানটি তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা—ইউটিউবে গানটির ভিউ ইতিমধ্যে ১৬৮ মিলিয়নের মাইলফলক ছাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস ও ট্রেন্ড, যা সাদীর পরিচিতি আরও বাড়িয়ে দেয়।
‘শহরের নতুন অতিথি’ নাটকের দৃশ্যে শেখ সাদী ও সামিরা খান মাহিঅভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়ে সাদী জানান, ‘শহরের নতুন অতিথি’ নাটকের গল্প শুনেই তাঁর আগ্রহ তৈরি হয়। পাশাপাশি সহশিল্পী হিসেবে মাহিকে পাওয়াটাও তাঁর জন্য আনন্দের ছিল। সাদী বলেন, ‘মাহির সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।’
‘শহরের নতুন অতিথি’ নাটকের শুটিংয়ে শেখ সাদী ও সামিরা খান মাহিজানা গেছে, নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানান সাদী। এখন তিনি অপেক্ষা করছেন দর্শকের প্রতিক্রিয়ার জন্য। প্রথম কাজ হওয়ায় নিজের পারফরম্যান্স নিয়েও কিছুটা কৌতূহল ও উত্তেজনা কাজ করছে তাঁর মধ্যে।
শেখ সাদীঅভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন সাদী। তাঁর ভাষায়, ‘আমি খুব বেশি নাটকে কাজ করতে চাই না। গল্প ভালো লাগলে, চরিত্রে কিছু করার সুযোগ থাকলে তবেই কাজ করব। আসলে আমি নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করতে চাইছি। নাটকটাকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখছি। কয়েকটা কাজের মাধ্যমে অভিনয়টা শিখে নিতে চাই, তারপর সিনেমায় কাজ করার পরিকল্পনা আছে।’
সামিরা খান মাহিগৌতম কৈরী পরিচালিত ‘শহরের নতুন অতিথি’ নাটকটি আগামী ৮ এপ্রিল ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানের জগতে নিজের অবস্থান তৈরি করা শেখ সাদী অভিনয়েও কতটা দর্শকপ্রিয়তা পান, এখন সেটিই দেখার অপেক্ষা।