উপস্থাপককে আত্মবিশ্বাসী হতে হবে
· Prothom Alo
শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে উপস্থাপককে শারীরিক অবয়ব, দৃষ্টিশক্তি ঠিক রেখে আত্মবিশ্বাসী হতে হবে। উপস্থাপনার সময় শ্রোতা ও দর্শকের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রাখাসহ এক জায়গায় না দাঁড়িয়ে পুরো মঞ্চ ব্যবহার করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে উপস্থাপনাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে এ কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। তিনি বলেন, উপস্থাপনা একটি শিল্প, এটি রপ্ত করতে হলে সাধনার বিকল্প নেই। ৪ এপ্রিল শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Visit esporist.com for more information.
প্রশিক্ষক শাহাদৎ হোসেন উপস্থাপনার বিভিন্ন নিয়মকানুন, আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী সূচনা, যেমন কোনো সংক্ষিপ্ত গল্প, কবিতা, বাস্তবধর্মী কোনো উদাহরণ দিয়ে শুরুর পরামর্শ দেন। তিনি বলেন, চর্চার বিকল্প নেই। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুতি নেওয়াসহ উচ্চারণ সঠিক করা এবং সাবলীল ভাষায় কথা বলতে হবে। এ সময় তিনি শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, মঞ্চভীতি দূর করার উপায় এবং স্মার্ট প্রেজেন্টেশনের বিভিন্ন কারিগরি দিক হাতে-কলমে শেখান।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়া তাঁর বক্তব্যে উপস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বলেন, বর্তমান যুগে যেকোনো পেশায় সফল হতে হলে শুদ্ধ উচ্চারণ ও মার্জিত উপস্থাপনার বিকল্প নেই। এ ধরনের কর্মশালা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে উপস্থাপনাবিষয়ক কর্মশালাঅংশগ্রহণকারী ব্যক্তিরা জানান, এই কর্মশালার মাধ্যমে তাঁরা উপস্থাপনার অনেক নতুন কৌশল রপ্ত করতে পেরেছেন; যা তাঁদের ভবিষ্যতে কর্মক্ষেত্রে অনেক কাজে লাগবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ রায়, সহসভাপতি অনন্যা সাহা ও শারমিন আক্তার, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইসরাত জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কৃষ্ণ মৈশান, অর্থ সম্পাদক আফসানা নিশাত, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া হক নূপুর, ফাহমিদা হক নিশিতা, নূর সাদিয়া, তাহসিন মিম, কার্যনির্বাহী সদস্য আরেফিন শোভন, মাইনুদ্দিন রুবেল প্রমুখ।