ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে ৬৭ রোগী
· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে সেখানে আরও ৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন মোট ৬৭ শিশু।
Visit mchezo.life for more information.
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নতুন করে ৯ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে গতকাল বিকেল পৌনে চারটার দিকে চিকিৎসাধীন চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। গত ২৪ মার্চ হামের উপসর্গ ও নিউমোনিয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে হাম শনাক্ত হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১২ শিশু। এ পর্যন্ত মারা গেছে ৬ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৮ শিশু।
চিকিৎসকেরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম কাজ করছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১২৯ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৫টি রিপোর্ট পাওয়া গেছে, যার ৫১টিতে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি ওই শিশুর নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাম ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেইলরের জটিলতা ছিল। হামের লক্ষণ নিয়ে রোগী আসছে এবং সর্বোচ্চ সতর্কতা নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।