সিদ্ধিরগঞ্জে মজুত করা ১৪ হাজার লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড
· Prothom Alo
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এসব ঘটনায় দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মেঘনা ডিপো–সংলগ্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
Visit asg-reflektory.pl for more information.
প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মেঘনা ডিপো–সংলগ্ন এসও বাসস্ট্যান্ড সড়কের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কয়েকটি ড্রামভর্তি ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের সময় মো. নাসির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গোদনাইল এলাকার মেঘনা ডিপো–সংলগ্ন একটি স্থানে অভিযান চালিয়ে জেলা প্রশাসন ও ৬২ বিজিবি একটি ট্যাংক লরি ও ড্রামে মজুত রাখা ৯ হাজার ১০০ লিটার তেল উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় সিফাত গাজী নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোতে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান প্রথম আলোকে বলেন, জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোতে হস্তান্তর করা হয়েছে। তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিজিবির নারায়ণগঞ্জ ৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক উপস্থিত ছিলেন।