জন্মদিনে কাটলেন ৬ হাজার পাউন্ড ওজনের কেক
· Prothom Alo
জন্মদিন নিয়ে কমবেশি সবারই নানা পরিকল্পনা থাকে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার এক ক্যাফের মালিক টেড মার্টিনডেলও এর ব্যতিক্রম নন। তবে জন্মদিনের কেক তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।
Visit forestarrow.rest for more information.
এ বছর মার্টিনডেল নিজের ৮০তম জন্মদিন উদ্যাপন করেছেন। নিজের ৮০তম জন্মদিনে অভিনব কিছু একটা করতে চেয়েছিলেন তিনি। যেমন ভাবনা, তেমন কাজ...।
জন্মদিনে ১৭ ফুট বাই ১৭ ফুট আকৃতির বিশাল এক ক্যারট কেক (গাজর দিয়ে তৈরি কেক) কাটেন তিনি, সেটির ওজন ছিল ৬ হাজার ৪৪ পাউন্ড।
টেড মার্টিনডেলের ক্যাফেটি ব্রিটিশ কলাম্বিয়ার কুয়েসনেল শহরে অবস্থিত, নাম গ্র্যানভিল’স ক্যাফে।
জন্মদিনের জন্য বিশাল আকারের কেকটি তৈরি করতে মার্টিনডেল তাঁর দোকানের আশপাশের বেকারিগুলোর সহায়তা নেন।
কেকটি তৈরিতে ১ হাজার ৭৬০ পাউন্ড গাজর, ৭০০ পাউন্ড মাখন, কয়েক হাজার ডিম এবং প্রায় ২ হাজার পাউন্ড আইসিংয়ের প্রয়োজন পড়েছিল। এই কেক তৈরি করতে এক মাসের বেশি সময় লেগেছে। ৪৩০টি আলাদা কেক বানিয়ে পরে সেগুলো জোড়া দিয়ে মূল কেক তৈরি করা হয়।
মার্টিনডেলের জন্মদিন ছিল গত বুধবার। সেদিন জন্মদিন অনুষ্ঠানস্থলে কেকটি নিয়ে আসা হয়।
বিশাল আকারের এই কেক কেটে মার্টিনডেল নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে এ রেকর্ডটির মালিক ব্রিটিশ কলাম্বিয়ার সারিতে থাকা একটি বেকারি।
২০১৬ সালে ৪ হাজার ৫৭৪ পাউন্ড ওজনের একটি কেক তৈরি করে বেকারিটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিল।
মার্টিনডেল দাবি করেছেন, তাঁর কেকের ওজন ছিল প্রায় ৬ হাজার ৪৪ পাউন্ড; তবে আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি তিনি নিজের করে নিতে পারবেন কি না, তা নির্ধারণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে প্রমাণপত্র এখনো যাচাই করা বাকি রয়েছে।