ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন, অভিযুক্ত মামাতো ভাই পলাতক

· Prothom Alo

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৬৫) সোহাগী ইউনিয়নের সোহাগী মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত মোহাম্মদ কাশেম (৫৫) ওই গ্রামের প্রয়াত আবদুর রহমানের ছেলে। তাঁদের দুজনের বাড়ি পাশাপাশি জায়গায়।

Visit esporist.com for more information.

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ কাশেম ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া এলাকায় আবুল কালামকে ছুরিকাঘাত করেন কাশেম। কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পর থেকে কাশেম পলাতক।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেম পলাতক। তবে তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read at source