দায়িত্ব নিয়ে বলছি, জ্বালানি সরবরাহে সংকট হবে না: প্রতিমন্ত্রী
· Prothom Alo

জনগণ স্বাভাবিক পরিমাণে তেল নিলে তেল সরবরাহের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘আমি সরকারের পক্ষ থেকে আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি সরবরাহ নিয়ে তাদের দুশ্চিন্তা হওয়ার মতো কোনো কারণ নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি।’
শুক্রবার বিকেলে রাজধানীর পরীবাগে অবস্থিত মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
Visit asg-reflektory.pl for more information.
জনমনে মনে যে সংশয় তৈরি হয়েছে, সেটিকে অস্বাভাবিক মনে করছেন না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সংশয় বলেন, আতঙ্ক বলেন, দুশ্চিন্তা বলেন; এটা বিরাজ করছে।
যতটুকু মজুত আছে এবং আমদানির ক্ষেত্রে কার্গোগুলোর যে নিশ্চয়তা পেয়েছেন, তাতে সংকটের সম্ভাবনা নেই বলে জানান অনিন্দ্য ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কাছে যেটুকু মজুত আছে, আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলোর জন্য আমরা কনফার্মেশন (নিশ্চয়তা) পেয়েছি, দায়িত্ব নিয়ে বলছি, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো সংকট হবে না।’
হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, গত কয়েক দিনে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। এরপরও কিন্তু এ রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিদর্শনে গিয়ে অতিরিক্ত তেল কেনা ক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এ সময় প্রতিমন্ত্রীকে ক্রেতারা জানান, সাধারণত তাঁরা যা তেল নেন, এখন তার চেয়ে বেশি অর্থাৎ ট্যাংক ভর্তি করে নিচ্ছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রেতারা একটি সংশয়, দুশ্চিন্তা, আশঙ্কা থেকে এ কাজটি করেছেন। কিন্তু দুশ্চিন্তা কিংবা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করি, তাহলে সংকট এখনো নেই, ভবিষ্যতে হওয়ার কোনো আশঙ্কা আমি অনুভব করছি না।’
তেলের দাম বাড়তে পারে কি না, এমন এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির ওপর একটা চাপ তৈরি করেছে। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়। একান্তই যখন পারব না, তখন জনগণের সঙ্গে সেটি শেয়ার করব।’
জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ–দুর্দশা দূর করার জন্য সর্বোপরি সচেতন রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জনগণকে স্বাভাবিক চাহিদা অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান তিনি।