‘নাচুনে সিংহ’ সেজে চোর ধরল পুলিশ

· Prothom Alo

চোর ধরতে পুলিশ কত কী না করে। কিন্তু থাইল্যান্ডের পুলিশ যা করল, তা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। এক ধুরন্ধর চোরকে ধরতে রীতিমতো ‘সিংহ’ সেজে নাচতে হলো তাদের।

ব্যাংককের শহরতলিতে সম্প্রতি এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। একটি বাড়ি থেকে প্রায় ৬৪ হাজার ডলার (প্রায় ৭৬ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়। এর মধ্যে ছিল ১২ ইঞ্চির দুটি মূল্যবান বুদ্ধমূর্তি। পুলিশ কয়েক সপ্তাহ ধরে ওই বাড়ির ওপর নজর রাখছিল। কিন্তু চোর ছিল ধরাছোঁয়ার বাইরে।

Visit iwanktv.club for more information.

সম্প্রতি থাইল্যান্ডে লুনার নিউ ইয়ার বা চান্দ্র নববর্ষের উৎসব চলছিল। চারদিকে সাজ সাজ রব। পুলিশ খবর পায়, চোর একটি বৌদ্ধমন্দিরের উৎসবে আসতে পারে। তখন মাথায় আসে এক বিচিত্র বুদ্ধি। পুলিশ কর্মকর্তারা ঐতিহ্যবাহী ‘লায়ন ড্যান্স’ বা সিংহ নাচের দলে মিশে যাওয়ার পরিকল্পনা করেন।

যেই ভাবা সেই কাজ। পুলিশ সদস্যরা লাল-হলুদ রঙের বড় এক সিংহের বেশভূষা বা কস্টিউম পরে নেন। ড্রামের তালে তালে তাঁরা নাচতে নাচতে ভিড়ের মধ্যে মিশে যান। কেউ টেরই পেল না, ওই বিরাট সিংহের ভেতরে আসলে অস্ত্রধারী চৌকস পুলিশ লুকিয়ে আছেন।

ভিড়ের মধ্যে সন্দেহভাজন ওই ৩৩ বছর বয়সী তরুণকে দেখতে পায় পুলিশ। নাচের মুদ্রায় ধীরে ধীরে সিংহরূপী পুলিশ তার একদম কাছে চলে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ করে সিংহের বেশভূষা থেকে এক পুলিশ কর্মকর্তা বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে সহকর্মীদের সহায়তায় জাপটে ধরেন চোরকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে সেই দুর্ধর্ষ চোর।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির রেকর্ড ঘেঁটে দেখা যায়, তিনি আগেও মাদক এবং চুরির দায়ে সাজা খেটেছেন। এবারের অভিযানে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া প্রায় সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

Read at source